ইউপি সদস্যকে পিটিয়ে হাত ভেঙে দিল সন্ত্রাসীরা
বরিশালের গৌরনদী উপজেলায় গত মঙ্গলবার রাতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগের কর্মীকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় গতকাল বুধবার ছাত্রলীগ ও যুবলীগের ১৮ জন নেতা-কর্মীকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। এতে ঠিকাদারি কাজে চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত চারজন হলেন চাঁদশী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগের কর্মী হিরণ ব্যাপারী (৩২), তাঁর চাচা মজিবুর রহমান (৫২), চাচাতো ভাই মো. নয়ন (২৫) ও জসিম উদ্দিন (২৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, হিরণের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁর ডান হাতের কবজি থেকে কনুইয়ের মাঝখানের হাড় ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া এলাকার রাজ্জাক চোকদারের বাড়ি থেকে ফকিরবাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের একটি প্রকল্প নেয়। এতে ব্যয় ধরা হয় দুই লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার হিসেবে চাঁদশী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগের কর্মী হিরণ ব্যাপারীকে কাজ দেওয়া হয়। কাজ পাওয়ার পর থেকে স্থানীয় ছাত্রলীগের কর্মী দিদার (২৬), রিয়াজ (২৫) ও রাসেল (২৪) এবং যুবলীগের কর্মী আরিফ (২৫) ও মামুন চোকদার (২৬) হিরণের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা পরিশোধ না করে কাজ শুরু করতে তাঁকে নিষেধ করা হয়। সেই নির্দেশ উপেক্ষা করে তিনি গত রোববার নির্মাণকাজ শুরু করেন।
ইউপি সদস্য হিরণ ব্যাপারী বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি যাওয়ার পথে পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে দিদার, রিয়াজ, রাসেল, আরিফ ও মামুন তাঁর পথরোধ করে চাঁদা না দিয়ে কাজ শুরু করার ব্যাপারে জানতে চান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হকিস্টিক, রামদা ও রড নিয়ে পথরোধকারীরাসহ ১২-১৪ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে ডান হাত ভেঙে দেয়। তাঁকে রক্ষার জন্য মজিবুর রহমান, মো. নয়ন ও জসিম উদ্দিন এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়। হামলাকারীরা তাঁর কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। চাঁদার টাকা না দিয়ে ফের কাজ শুরু করলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত মজিবুর রহমান গতকাল ১৩ জনের নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।
দিদার, রিয়াজ, রাসেল, আরিফ ও মামুন বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। ক্লাবের বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম আফজাল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।