ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদারের বিরুদ্ধে এক ইউপি সদস্যকে ভয়ভীতি দেখানো ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য মো. খলিলুর রহমান মঙ্গলবার রাতে আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদারের বিরুদ্ধে পরিষদের সদস্যরা দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের ছয়টি লিখিত অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেন। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জেলা প্রশাসক মুহা. বশিরুল আলমকে এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। ছয়টি অভিযোগের মধ্যে তিনটির সত্যতা পেয়েছেন—এই মর্মে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন জেলা প্রশাসক।
এরপর গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে চেয়ারম্যান এ কে এম নূরুল হক তালুকদারকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদার ইউপি সদস্য মো. খলিলুর রহমানকে গত সোমবার রাতে অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দেন। মঙ্গলবার রাতে মো. খলিলুর রহমান চেয়ারম্যানসহ ১১ জনের নাম উল্লেখ করে আমতলী থানায় জিডি করেন।
ইউপি সদস্য মো. খলিলুর রহমান গতকাল মুঠোফোনে বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে আমাকে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে।’
এ বিষয়ে জানার জন্য চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ধরেননি।
আমতলী থানার ওসি মো. শহিদ উল্লাহ গতকাল দুপুরে বলেন, জীবননাশের হুমকি পেয়ে ইউপি সদস্য খলিলুর রহমান থানায় একটি জিডি করেছেন। এ বিষয় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।