ইউপি সদস্যদের আপত্তির মুখে ভিজিডির ঘাটতি পড়া চাল সরবরাহ
নাটোরের লালপুর উপজেলায় চংধুপইল ইউনিয়ন পরিষদের সদস্যদের আপত্তির কারণে নির্ধারিত পরিমাণে ভিজিডির চাল পেয়েছেন ২০০ কার্ডধারী। উপজেলা খাদ্যগুদাম থেকে কম চাল পাঠানোর কারণে তাঁরা আপত্তি তোলেন। গত রোববার এ ঘটনা ঘটে। চংধুপইল ইউনিয়ন পরিষদের সদস্য আবদুুস সামাদ জানান, সাধারণত প্রত্যেক ভিজিডি কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে গম পান। এ মাসে সরকারি নিয়মানুযায়ী ৩০ কেজি গমের পরিবর্তে প্রত্যেক কার্ডধারীকে ২৩ কেজি ৪০০ গ্রাম করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী চংধুপইল ইউনিয়নে ২০০ জন কার্ডধারীর মোট চার হাজার ৬৮০ কেজি চাল পাওয়ার কথা। রোববার সকালে উপজেলা খাদ্যগুদাম থেকে ইউনিয়ন পরিষদে (ইউপি) কার্যালয়ে চাল পাঠানো হয়। কিন্তু বিতরণের আগে ওজন করে চার হাজার ৫০০ কেজি চাল পাওয়া যায়। ৫০ কেজির বস্তায় প্রায় সাড়ে তিন বস্তা (১৮০ কেজি) চাল কম হওয়ায় বেঁকে বসেন ইউপি সদস্যরা। তাঁরা চাল বিতরণ না করে ইউপি কার্যালয়ে তালা লাগিয়ে দেন। ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক খাদ্যগুদাম কর্মকর্তাকে বাকি চাল পাঠানোর নির্দেশ দেন। পরে ঘাটতি পড়া ১৮০ কেজি চাল পাঠানোর পর দুস্থদের মধ্যে চাল বিতরণ শুরু হয়। চংধুপইল ইউপি চেয়ারম্যান মোজামেঞ্চল হক বলেন, ‘খাদ্যগুদাম কর্মকর্তার কাছ থেকে ঘাটতি পড়া চাল পাওয়ার পর আমি কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ শুরু করেছি।’ খাদ্যগুদাম কর্মকর্তা মফিজ উদ্দিন চাল কম দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘ট্রাকে তুলে দেওয়ার সময় ভুলে এক বস্তা চাল গুদামে পড়েছিল। খবর জেনে তাৎক্ষণিক ওই এক বস্তা চাল পাঠিয়ে দিয়েছি।’