ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটি ওয়ার্ডের হতদরিদ্র লোকজন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাননি। এ কারণে গতকাল বুধবার পর্যন্ত তিন দিন এখানকার লোকজন ১০ টাকা কেজি দরের চাল কিনতে পারেননি। ওয়ার্ডগুলোর সদস্যরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
ওয়ার্ডগুলো হলো ২, ৫, ৬ ও ৭। এখানকার হতদরিদ্র লোকজন এখন কার্ড হাতে পেলেও আগামী সোমবারের আগে চাল কিনতে পারবেন না। সপ্তাহে শুধু সোম, মঙ্গল ও বুধবার চাল বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে।
ইউপির চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ বলেন, কার্ড বিতরণের কাজ দ্রুত শেষ করা হবে। আগামী সপ্তাহ থেকে কার্ডধারীরা চাল কিনতে পারবেন।
এলাকার কয়েকজন বলেন, ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম, ২ নম্বরের মো. ইছব আলী, ৫ নম্বরের মো. হোসেন মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোমেন মিয়া কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। তাই এ চারটি ওয়ার্ডের ডিলারের দোকানগুলো ক্রেতাশূন্য ছিল।
গতকাল মাইজবাগ বাজারে ডিলার মো. আমিনুল হকের দোকানটি ক্রেতাশূন্য অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, গত তিন দিন তাঁর দোকানে চাল বিক্রি হয়নি। তাঁকে হতদরিদ্র ব্যক্তিদের তালিকাও দেওয়া হয়নি। এসব কার্ড ও হতদরিদ্র ব্যক্তিদের তালিকা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালামের পৌঁছানোর কথা।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘গত চার দিন কক্সবাজারে ছিলাম। মঙ্গলবার ফিরেছি। এর আগে খাদ্য বিভাগ সিল না দেওয়ায় কার্ড বিতরণ সম্ভব হয়নি। বুধবারের (গতকাল) মধ্যেই কার্ড বিতরণের কাজ শেষ করা হবে।’
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোমেন মিয়া বেড়াতে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি বুধবারের মধ্যে কার্ড বিতরণ করবেন বলে জানান।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মুহাম্মদ আলাউদ্দিন বলেন, কয়েকজন ইউপি সদস্য বেড়াতে কক্সবাজারে চলে যাওয়ায় এ সমস্যা হয়েছে। দ্রুত তা সমাধান করা হচ্ছে।