ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে এক নারীকে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সোনাগাজী থানার পুলিশ বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিচারিক আদালতে হাজির করে। এ সময় তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলে তা নাকচ করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, মামলা করার অপরাধে নির্যাতনকারীদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আম্বিয়া খাতুন গত বুধবার ১০ জনকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা করেন। রাতেই পুলিশ স্থানীয় সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশারফ হোসেন (৪১), সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আওরঙ্গজেব (৪০) ও আবদুল মালেক লন্ডনীকে (৫৫) গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা তিনজনকে বিচারিক আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। আম্বিয়া খাতুন গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আসামি ইমাম হোসেন মিলনের ভাই হানিফ, অপর দুই আসামি আবদুল মালেক লন্ডনী ও সমাজপতি মো. মোস্তফার পক্ষ হয়ে তাঁদের আত্মীয়স্বজন গতকাল বৃহস্পতিবার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও তাঁকে হুমকি দিচ্ছেন। গত মঙ্গলবার সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের আম্বিয়া খাতুনকে ছয় মাস আগের একটি চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে ইমাম হোসেন মিলন, সুজন, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোস্তফা , সহসভাপতি মোশারফ হোসেনসহ অন্যরা সুপারিগাছের সঙ্গে হাত বেঁধে ঝুলিয়ে দিনভর নির্মমভাবে পিটিয়ে আহত করেন।তাঁরা ওই নারীর স্কুলপড়ুয়া মেয়ে নাজমা আক্তারকেও পিটিয়ে আহত করেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।