ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ইয়ারুন্নেছা বেগমের (৪০) ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে রাজনগর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলার সময় বক্তৃতা করেন রাজনগর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ডলি বেগম, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সেলিনা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত রোববার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের ৬ নম্বর (সংরক্ষিত ৪, ৫ ও ৬) ওয়ার্ডের সদস্য ইয়ারুন্নেছা বেগম চাউরুলি-পণ্ডিতনগর রাস্তায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে মাটির কাজ করাচ্ছিলেন। কাজ চলার সময় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছুর রহমান তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারী সদস্যকে মারধর করা হয়।
এ বিষয়ে ইলিয়াছুর রহমান বলেন, ‘আমি ইউএনও, ডিসি, জেলা পরিষদ চেয়ারম্যানকে কর্মসৃজনের কাজে অনিয়মের বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। এই লিখিত অভিযোগের কথা শুনে রোববার কয়েকজন সাংবাদিক এলে আমি তাঁদের কাজের স্পট দেখিয়ে চলে আসি। এরপর সেখানে কী ঘটছে, না ঘটছে, আমি জানি না। মারামারির ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই।’