ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আজ বুধবার সকালে সামছুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোজিফা বেগম জানান, ৯ এপ্রিল রাতে সামছুল ইসলাম বেতকাপার পার্শ্ববর্তী তালুকজামিরা এলাকায় যাত্রাগান দেখতে যান। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে পাঁচ-সাতজনের একটি দল সামছুল ইসলামকে তুলে নিয়ে যায়। আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজন মুচির তেকানি এলাকায় সামছুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী সামছুল ইসলামের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
ওসি দাবি করেন, নিহত সামছুল ইসলাম আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তাঁর নামে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। সন্ধ্যা নাগাদ থানায় মামলা হয়নি বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর হাসপাতালের এক চিকিত্সক জানান, সামছুল ইসলামের মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এতেই তাঁর মৃত্যু হয়েছে।