জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের ২২ বস্তা চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গত বৃহস্পতিবার ওই ইউপি সদস্যের ছেলে আবদুল গফুরকে গণপিটুনি দিয়েছে। এ ঘটনায় চাল না পাওয়া কয়েক শ দুস্থ লোক ইউপি ভবন ঘেরাও করে রাখেন। পরে ইউএনও চাল দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা সেখান থেকে চলে যান।
বড়তারা ইউপি কার্যালয় ও এলাকাবাসী জানায়, গত বুধবার ওই ইউনিয়নের দুই হাজার ৭৯৪ জন দুস্থকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল জোব্বার ও ট্যাগ কর্মকর্তা হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলম উপস্থিত ছিলেন।
চাল বিতরণ শেষ হওয়ার পর ১ নম্বর ওয়ার্ডের ২০-২৫ জন দুস্থ চাল না পাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় চাল চুরি করা হতে পারে সন্দেহে কয়েকজন দুস্থ বুধবার রাতে ইউপি কার্যালয় পাহারা দেন। ভোররাতে ইউপি সদস্য আবদুল জোব্বার ও তাঁর ছেলে আবদুল গফুর ২২ বস্তা চাল একটি ভটভটিতে করে নিয়ে যাওয়ার সময় তাঁরা দেখে ফেলেন। এ সময় তাঁরা গফুরকে ধরে গণপিটুনি দেন। কিন্তু ইউপি সদস্য ও ভটভটিচালক চাল নিয়ে পালিয়ে যান।
ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, শুধু ১ নম্বর ওয়ার্ডে কিছু লোক অভিযোগ করছে। বিষয়টি ইউএনও তদন্ত করছেন। ইউএনও শাহানা আখতার জাহান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।