ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের টিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়ি থেকে ত্রাণের আট বান্ডিল টিন (৭২টি) ও ১০টি মচকা উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম গত রোববার বিকেলে এগুলো জব্দ করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সদর উপজেলার ইউএনও পুলিশ নিয়ে রোববার বিকেলে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের পদ্মা গ্রামের বাড়িতে অভিযান চালান। এ সময় শহিদুল ইসলামের টিনের ঘরের দোতলা থেকে আট বান্ডিল টিন ও ১০টি মচকা উদ্ধার করা হয়। পরে ইউএনও এসব টিন জব্দ করে স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের জিম্মায় দেন। ইউপির সদস্য শহিদুল এ সময় বাড়িতে ছিলেন না। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ইউএনও টিন জব্দ করার সত্যতা নিশ্চিত করে জানান, এসব টিন সম্পর্কে ওই ইউপি সদস্যকে কারণ দর্শাতে বলা হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।নলটোনা ইউপির চেয়ারম্যান শফিকুজ্জামান বলেন, ‘এমন টিন আমরা মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছি। এগুলো শহিদুলের বাড়িতে কীভাবে গেল, তা বুঝতে পারছি না।’