ইউপি সদস্যের বাড়িতে হামলা, নারীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজাহানের বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছোড়া শটগানের গুলিতে (ছররা গুলি) আহত হয়েছেন এক নারীসহ তিনজন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহজাহানের ভাবি রহিমা বেগম (৪০), ছেলে ফরিদ উদ্দিন (২০) ও প্রতিবেশী নূর আলমের ছেলে নাজিম উদ্দিন (৩২)। রাতেই তাঁদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে রহিমা খাতুনের অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ২৫-৩০ জন সন্ত্রাসী ব্রিজ বাজারে এসে এলোপাতাড়ি হামলা-ভাঙচুর ও ফাঁকা গুলি করতে থাকে। একপর্যায়ে বাজারসংলগ্ন ইউপি সদস্য শাহজাহানের বাড়িতে হামলা ও এলোপাতাড়ি গুলি চালায়। এর আগে সন্ত্রাসীরা বাজারের পাঁচ-ছয়টি দোকানের শাটার ও দরজা ভাঙচুর করে। পরে খবর পেয়ে হাতিয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রহিমা বেগমের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলির চিহ্ন রয়েছে।
মো. শাহজাহান এ ঘটনার জন্য গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহিনের লোকজনকে দায়ী করেছেন।
তবে শাহজাহানের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহিন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ইউপি নির্বাচন নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও সন্ত্রাসীদের কাউকে পায়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।