ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নে (ইউপি) দুস্থদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিডি) তালিকা তৈরির ক্ষেত্রে সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

ওই সদস্য নাম ভিজিডি তালিকাভুক্ত করে দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিলেও তাঁদের নাম তালিকাভুক্ত করেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

গত সোমবার রাঙ্গাবালীর বাহেরচর খাদ্যগুদামের সামনে ভিজিডির পাঁচ মাসের চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে গিয়ে ভুক্তভোগীরা এ অভিযোগ তোলেন। পূর্ব বাহেরচর গ্রামের কুলছুম বেগম অভিযোগ করেন, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সালমিন বেগম তাঁর নাম ভিজিডি তালিকাভুক্ত করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে দুই হাজার ১০০ টাকা নিয়েছেন। কিন্তু গত সোমবার ভিজিডির চাল বিতরণের সময় জানতে পারেন, তাঁর নাম তালিকাভুক্ত হয়নি।

কাজীর হাওলা গ্রামের ইরানি বেগম বলেন, তাঁর কাছ থেকে সালমিন এক হাজার ১০০ টাকা নিয়েছেন।

জানতে চাইলে সালমিন বেগম বলেন, ‘আমি ভিজিডি তালিকায় নাম দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকাপয়সা নিইনি। আমাকে হেয় করার জন্য স্থানীয় প্রতিপক্ষ লোকজন দিয়ে আমার বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ তুলেছে।’

রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমরা ভুক্তভোগীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেননি।’