ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে বোরো সেচ ব্যবস্থাপকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। তবে ইউপি সদস্য অভিযোগ অস্বীকার করেছেন।রাজাপুরের সেচ ব্যবস্থাপক নুর ইসলাম মাতব্বর ও তছলিম চৌকিদার জানান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চরসুলতানে প্রতিবছর ৭০ একর জমিতে বোরো আবাদ হয়। এই জমি দুটি স্কিমে ভাগ করে তাঁরা দুজন সেচ দিচ্ছেন। সেচ দেওয়ার জন্য তাঁরা দুটি পাম্প মেশিন ব্যবহার করছেন। এলাকাটি দুর্গম এবং ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানে ডিজেলের দাম তুলনামূলক বেশি। একই ধরনের কথা জানান কৃষক রঞ্জন আলী, গিয়াসউদ্দিন রাঢ়ী, আবদুল খালেক রাঢ়ী, দুলাল সরদারসহ কয়েকজন।কৃষকদের অভিযোগ, চাঁদাবাজির প্রভাব কৃষকদের ওপর পড়ছে। কারণ, সেচ ব্যবস্থাপকেরা ইউপি সদস্যকে যে চাঁদা দেন, তাঁরা তা কৃষকদের কাছ থেকে তুলে নেন। ধানের দাম কম। এ কারণে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য লোকমান চৌধুরী প্রতিবছর মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাঁর পছন্দের লোককে দিয়ে সেচ দেওয়াচ্ছেন। বিগত বছরগুলোয় মোফাজ্জল মাতব্বর ও আলমগীর রাঢ়ী সেচ দেওয়ার দায়িত্ব পালন করেন। ওই সময় লোকমান চৌধুরী তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেন। ২০১১ সালে তিনি বিগত সময়ের চেয়ে বেশি চাঁদা নিয়ে পুরোনো দুজন সেচ ব্যবস্থাপককে বাদ দিয়ে নুর ইসলাম মাতব্বর ও তছলিম চৌকিদারকে দায়িত্ব দেন। এ নিয়ে অনেক সালিস-বিচার করেও ফল হয়নি। এ বছর আবার তিনি চাঁদা দাবি করছেন।নুর ইসলাম মাতব্বর বলেন, ‘এ বছর সেচ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার জন্য তছলিম চৌকিদার ও আমি লোকমান মেম্বরকে ছয় হাজার টাকা দিয়েছি। কিন্তু তিনি আমাদের কাছে ৪০ হাজার টাকা দাবি করেছেন। ওই টাকা না দিলে তিনি আগের দুজনকে আবারও সেচ ব্যবস্থাপকের দায়িত্ব দেবেন। বিষয়টি চেয়ারম্যানকে জানানোর পর তিনি আমাদের মামলা করতে বলেছেন।’ইউপি চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লোকমান চৌধুরী বলেন, ‘আমি কোনো ব্যবস্থাপকের কাছ থেকে টাকা নিইনি, চাইওনি। বিগত সময়ের ও বর্তমানের চারজন ব্যবস্থাপকই আমার দল করে। তাই এবার আমি ওই চারজনকেই সেচ ব্যবস্থাপকের দায়িত্ব ভাগাভাগি করে দিতে চেয়েছি। আর তখনই বিপত্তি ঘটে।’