ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ভুয়া শ্রমিকের নামে কর্মসৃজন কর্মসূচির টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ফাঁস হয়ে গেলে জনতা ব্যাংক, চৌধুরাণী শাখার ব্যবস্থাপক ভুয়া শ্রমিকের নামের বিপরীতে টাকা তোলা স্থগিত করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কৈকুড়ী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মোংলাকুটি গ্রামের নজরুল ইসলাম ২০১০-১১ অর্থবছরে অতিদরিদ্র লোকজনের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর ব্যাংক হিসাব নম্বর কর্ম/৩০৯, জনতা ব্যাংক, চৌধুরাণী শাখা। চলতি ২০১১-১২ অর্থবছরে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূরুল ইসলাম শ্রমিক নজরুলের নাম কেটে দেন। তাঁর স্থলে তিনি একই গ্রামের সচ্ছল ব্যক্তি শাহজাহানের নাম বসান। কাজ না করিয়েই নজরুলের ব্যাংক হিসাব নম্বর থেকে চার হাজার ১৭৫ টাকা তুলে আত্মসাৎ করেন তিনি। এ ব্যাপারে নজরুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য গত ২৭ ডিসেম্বর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।কর্মসৃজন কর্মসূচির ওই ওয়ার্ডের শ্রমিক বকুল, মজিদ, জহুরুল, মনোয়ারা, মোকলেছুর, সোবাহান ও সরোয়ারসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, ‘ইউপি সদস্য নূরুল ইসলাম প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে ২৫ টাকা করে কেটে নেন। তিনি আরও ৫০০ টাকা করে দাবি করেছেন। দাবিকৃত টাকা না দেওয়ায় আমাদের অনেকের নাম কেটে দিয়েছেন।’অভিযুক্ত ইউপি সদস্য শ্রমিক নজরুলের নাম কেটে সেখানে শাহজাহানের নাম তালিকাভুক্ত করার কথা স্বীকার করেছেন।