ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলামের (৩৬) বিরুদ্ধে স্থানীয় একজন গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানায়, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউপি সদস্য নজরুল ইসলাম তাঁর প্রতিবেশী দক্ষিণ জামমুড়া গ্রামের এক গৃহবধূকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্য করে। এর পর থেকে তাঁকে নানা ধরনের প্রলোভন দিতে থাকেন। গত সোমবার রাতে ওই গৃহবধূ তাঁর ঘর থেকে বের হওয়ার পর ইউপি সদস্য ধর্ষণের উদ্দেশ্যে ঝাপটে ধরেন। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেন। কিছুক্ষণ পর ইউপি সদস্যের পক্ষের কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে জোর করে তাঁকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়।এ বিষয়ে জানার জন্য ইউপি সদস্য নজরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ মঞ্জুর গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।