ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডির কার্ডের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলসেনারার বিরুদ্ধে ভিজিডির কার্ড দেওয়ার নামে দুস্থ নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা নেওয়ার পরও কার্ড না দেওয়ায় পাঁচজন দুস্থ নারী গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগকারী শগুনখোলা গ্রামের মাহমুদা বেগম, শাহনাজ বেগম, জেসমিন বেগম, নাছিমা বেগম এবং হরিল্লাখুর গ্রামের আবিয়া বেওয়া জানান, এক থেকে দেড় বছর আগে ভিজিডি তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তাঁরা ইউপি সদস্য গোলসেনারার কাছে যান। তিনি তাঁদের প্রত্যেকের কাছে দুই হাজার করে টাকা করে দাবি করেন। বাধ্য হয়ে তাঁরা ওই টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি ভিজিডি তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করেননি।টাকা ফেরত চাইলে ওই ইউপি সদস্য তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।তবে গোলসেনারা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কোনো দুস্থ নারীকে হুমকি বা মিথ্যা মামলায় জড়িয়ে দেননি বলে দাবি করেন।ইউএনও মুহাম্মদ আহসান হাবিব জানান, তিনি অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।