ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ বিক্রির অভিযোগ
রংপুরের পীরগাছায় রাস্তার পাশের একটি গাছ একজন ইউপি সদস্য বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আটক করার পর ইউপি চেয়ারম্যান চৌকিদার দিয়ে গাছটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান। অভিযোগে জানা যায়, পীরগাছা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ পীরগাছা-চৌধুরানী সড়কের মরহুম আবুল হোসেন সরকারের বাড়ির সামনের একটি ইউক্যালিপটাস গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী তালেব মিয়ার কাছে বিক্রি করেন। গাছটির আনুমানিক দাম ১০ হাজার টাকা। গত শুক্রবার ওই কাঠ ব্যবসায়ী গাছটি কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা মেম্বারের কাছ থেকে কিনে তাঁর নির্দেশে গাছ কেটেছেন বলে জানান।ঘটনাটি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান ও পীরগাছা ইউপি চেয়ারম্যান আফছার আলীকে জানালে ইউপি চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার গাছ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।অভিযুক্ত ইউপি সদস্য আবুল কালাম আজাদ গাছ বিক্রির কথা অস্বীকার করে বলেন, যাঁরা গাছ কেটেছেন, তাঁরাই ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন। ইউপি চেয়ারম্যান আফছার আলী জানান, গাছটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।