ইউপি সদস্যের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিকক্সবাজারের মহেশখালী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাতে আবুল হোসেন নামের এক ইউপি সদস্য তাঁর লোকজন নিয়ে প্রতিপক্ষের একটি বাড়িতে ভাঙচুর করে ৫০ হাজার টাকার মালামাল লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্তা আবুল হোছন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া এলাকার আবুল হোছনের সঙ্গে একই এলাকার ইউপি সদস্য আবুল হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত ১২টার দিকে আবুল হোসেন তাঁর লোকজন নিয়ে আবুল হোছনের বাড়িতে হামলা চালান। তাঁরা দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন এবং ৫০ হাজার টাকার মালামাল লুট করেন। এ নিয়ে কথা হলে ছোট মহেশখালী ইউপির সদস্য আবুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।