ইউপিডিএফ ও জনসংহতি গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জেলা প্রশাসনের তিন কর্মচারী আহত হয়েছেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিনও স্পিডবোটে হোঁচট খেয়ে আহত হয়েছেন। তবে জেলা প্রশাসন বলছে, দুই পক্ষের গুলিবিনিময়ের সময় কর্মচারীরা আহত হয়েছেন।
আহতদের মধ্যে স্পিডবোটের চালক মো. নাসিরের পিঠে, জেলা কানুনগো বাচ্চু মণি চাকমার উরুতে ও সার্ভেয়ার রিপন চাকমার পায়ে গুলি লাগে।
আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লংগদু উপজেলা থেকে সরকারি কাজ শেষে তাঁরা রাঙামাটিতে আসছিলেন। তাঁদের পেছনে ছিল জনসংহতি সমিতির নেতা-কর্মীদের বহনকারী আরও একটি স্পিডবোট। বিকেল পৌনে চারটার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাছছড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত কাপ্তাই হ্রদবেষ্টিত একটি টিলা থেকে গুলি করে। এ সময় গুলি চালক নাসিরের পিঠের ডান দিক ভেদ করে বাঁ দিকে চলে যায়। এ ছাড়া জেলা কানুনগো বাচ্চু মণি চাকমার উরুতে ও সার্ভেয়ার রিপন চাকমার পায়ে গুলি লাগে।
অপর দিকে জনসংহতি সমিতির স্টাফ সদস্য ফদাংতাং চাকমা জানান, দুর্বৃত্তরা প্রথমে জেলা প্রশাসনের স্পিডবোটে গুলি করে। আহত অবস্থায় তাঁরা সেখান থেকে চলে আসেন। ওই বোটের পেছনে থাকা তাঁদের স্পিডবোট লক্ষ্য করেও দুর্বৃত্তরা কমপক্ষে চার থেকে ছয়টি এবং বৌদ্ধ ভিক্ষু বহনকারী অপর একটি স্পিডবোটে একটি গুলি ছুড়েছে। তবে কেউ আহত হননি।
ওই সময় বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় পার্বত্য চুক্তির ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান শেষ করে রাঙামাটির দিকে আসা জনসংহতি সমিতির নয়জন নেতা-কর্মী ছিলেন বলে উল্লেখ করে ঘটনার জন্য প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন ফদাংতাং চাকমা।
তবে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেটা আমাদের জানা নেই। এখন অনেকের কাছে অস্ত্র রয়েছে। প্রতিপক্ষ হিসেবে যেকোনো ঘটনায় আমাদের দায়ী করা দুঃখজনক।’