ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসী তত্পরতা ও জনসংহতি সমিতির তথাকথিত সংস্কারপন্থী কিছু নেতার গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকাকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে অন্যতম বাধা বলে মন্তব্য করলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি শহর শাখার দিনব্যাপী কর্মী সম্মেলনে সন্তু লারমা এ মন্তব্য করেন। সমিতির শহর শাখার সভাপতি নিলোত্পল খীসার সভাপতিত্বে স্থানীয় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করে সংগঠনের নীতি-আদর্শে সজ্জিত হয়ে দলের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান।সন্তু লারমা চুক্তি বাস্তবায়নে অচিরেই সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে ক্ষমতায় আসার ১৩ মাসেও বর্তমান সরকার পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন।সম্মেলনে আরও বক্তব্য দেন সমিতির ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, ছাত্র ও রাজনীতিবিষয়ক সম্পাদক ঊষাতন তালুকদার, তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা, মহিলা সমিতির রাঙামাটি শহর শাখার সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ।সঞ্জীব দ্রংয়ের ওপর হামলার নিন্দাবাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জীব দ্রং ও তাঁর স্ত্রী মিতালী সিচমের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল জনসংহতি সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বিকেলে সঞ্জীব দ্রং ও মিতালী সিচিম নেত্রকোনার সুসং দুর্গাপুর উপজেলার বহেরাতলী খ্রিষ্টান মিশন থেকে বিরিশিরিতে আসছিলেন। এ সময় তাঁরা রানীখ্যং এলাকার রাশিমনি স্মৃতিসৌধসংলগ্ন এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এতে সঞ্জীব দ্রং দুই হাতে আঘাত পান।