ইউপিডিএফ ও জেএসএসের দুই কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পৃথক ঘটনায় গত সোমবার রাতে জনসংহতি সমিতি (জেএসএস-এম.এন লারমা) পক্ষের একজন ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার জন্য জেএসএস ও ইউপিডিএফ জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে। সন্তু পক্ষ ঘটনা অস্বীকার করেছে।
অপরদিকে ৬ ডিসেম্বর গভীর রাতে অপহূত উপজেলার ৩৫ নম্বর ডলুছড়ি মৌজাপ্রধান (হেডম্যান) সূর্য্য বিজয় চাকমার (৪৫) কোনো সন্ধান মেলেনি।
পুলিশ, জেএসএস ও ইউপিডিএফ জানায়, সোমবার উপজেলার হাচিনসনপুর এলাকায় রাত সাড়ে সাতটার সময় দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি দীপন জ্যোতি চাকমাকে (৩২) গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
দীপন জ্যোতি চাকমা চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
এদিকে একই দিন রাত সাড়ে আটটায় উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের লংগদু সীমান্তবর্তী আটারক ছড়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা জেএসএস (এম.এন লারমা) পক্ষের গ্রাম কমিটির সদস্য কালাধন চাকমাকে (৩৪) গুলি করে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
জেএসএস (এম.এন লারমা) পক্ষের কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘জেএসএস (সন্তু) পক্ষের লোকজনই আমাদের কর্মী কালাধন চাকমাকে হত্যার উদ্দেশে গুলি করেছে। এর আগেও আমাদের অনেক নেতাকে হত্যা করেছে সন্তু পক্ষের লোকজন।’
ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা বলেন, সন্তু লারমার লোকজনই গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি দীপন জ্যোতি চাকমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।
জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জেএসএস (এম.এন লারমা) পক্ষের ও ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা দুটির সঙ্গে জেএসএস (সন্তু) পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। বরং তারা নিজেরাই এসব ঘটনায় যুক্ত।
অপরদিকে ৬ ডিসেম্বর উপজেলার পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে অপহূত ৩৫ নম্বর ডলুছড়ি মৌজাপ্রধান (হেডম্যান) সূর্য্য বিজয় চাকমার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধার করতে উপজেলা হেডম্যান অ্যাসোশিয়েশন সামাজিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা হেডম্যান অ্যাসোশিয়েশনের সভাপতি প্রান্তর চাকমা জানান, ‘আমরা সামাজিকভাবে আঞ্চলিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছি। সূর্য্য বিজয় চাকমাকে উদ্ধারে আমাদের সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ অব্যাহত আছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন জেএসএস (এম.এন লারমা) পক্ষের ও ইউপিডিএফের দুজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় এখনো মামলা করেনি।
অপহূত মৌজাপ্রধানের বিষয়ে বলেন, এ বিষয়ে অপহূতের পরিবার ও কোনো পক্ষ থেকে পুলিশের কাছে মুখ খুলতে চাচ্ছে না।