খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু পক্ষ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে আবারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টায় উভয় পক্ষের মধ্যে ৫০টির মতো গুলিবিনিময় হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ঘটনায় হতাহত হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি। নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এ নিয়ে ১৭ বারের বেশি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘লোকমুখে নাড়াইছড়ি এলাকায় গোলাগুলি হয়েছে বলে শুনেছি। কিন্তু কোন পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারিনি।’জেএসএসের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশের লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হাসান মাহমুদ বলেন, নাড়াইছড়ির রূপধন কার্বারিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস-ইউপিডিএফের মধ্যে ৫০টির মতো গুলিবিনিময় হয়েছে। ঘটনাস্থলে নাড়াইছড়ি ক্যাম্প থেকে বিজিবির একটি টহল দল গেছে। তবে ঘটনায় হতাহত হয়েছে কি না, সে ব্যাপারে জানা যায়নি।