ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়িতে গত বৃহস্পতিবার নিহত পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য অমূল্য ধন চাকমার লাশের ময়নাতদন্ত হয়েছে। গতকাল শুক্রবার নিহত অমূল্য ধনের ছোট ভাই মণি চাকমা বাদী হয়ে জুরাছড়ি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে ঘটনায় আহত সমীরণ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক বিশ্বজিত মহাজন জানান, সমীরণ চাকমা বুকের ডান দিকে ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন। জুরাছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান কেনন চাকমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, আহত সমীরণ চাকমার অবস্থা আশঙ্কামুক্ত নয়।