ইউপিডিএফ-জনসংহতি সমঝোতার চেষ্টা ব্যর্থ
জনসংহতি সমিতির অপহূত ৬০ জন নেতা-কর্মী ও সমর্থকের মুক্তির জন্য নেওয়া সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তাই পরিবারের সদস্যরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি থেকে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার একদল জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তি অপহূত ব্যক্তিদের মুক্তির ব্যাপারে জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে সমঝোতার চেষ্টা শুরু করেন।গত ১৫ ফেব্রুয়ারি ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই অনুষ্ঠানে যোগদান শেষে ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি শহর থেকে সমিতির ৭০ জন নেতা-কর্মী ও সমর্থক নৌকায় করে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় যাওয়ার সময় অপহূত হন। পরে ইউপিডিএফ নারী-শিশুসহ নয়জনকে মুক্তি দেয় এবং একজন সেখান থেকে পালিয়ে আসে।সমঝোতার চেষ্টাকারীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউপিডিএফ অপহূত ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য কয়েকটি শর্ত দেয়। এগুলোর মধ্যে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কাছ থেকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের অঙ্গীকার এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগের শর্ত রয়েছে। কিন্তু ২২ ফেব্রুয়ারি জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের ওই সব শর্তকে উদ্ভট ও অবান্তর বলে প্রত্যাখ্যান করা হয়। তবে ইউপিডিএফ এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।