ইউপিডিএফ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল-সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
গত রোববার খাগড়াছড়ির পেরাছড়া এলাকা থেকে উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ছয়জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের আন্দোলনকে নস্যাৎ করার জন্য ইউপিডিএফ ও এর সহযোগী ও সমর্থকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। তাঁরা বলেন, উজ্জ্বল স্মৃতি চাকমা ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁর জনপ্রিয়তার কারণে সরকার ভীত হয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন বক্তারা।
পিসিপির চট্টগ্রাম নগর শাখার সহসাধারণ সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জিকো চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সহসভাপতি শুভ চাক প্রমুখ।