শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে নব কুমার ত্রিপুরাকে খুন করা হয়েছে—খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর আত্মীয়স্বজনেরা এ দাবি করেছেন। নির্বাচন-পরবর্তী সহিংসতায় বুধবার সন্ধ্যায় পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নব কুমার ত্রিপুরা সন্ত্রাসীদের গুলিতে খুন হন। এ ঘটনার জন্য নিহতের আত্মীয়স্বজনেরা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সন্ত্রাসীদের দায়ী করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নব কুমার ত্রিপুরার লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। হাসপাতালের সামনে নিহতের ভ্রাতুষ্পুত্র মনো বিকাশ ত্রিপুরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, চাচা (নব কুমার ত্রিপুরা) বুধবার সকালে পানছড়ি বাজারে যান। বিকেলে বাজার থেকে ফেরার পর সন্ধ্যায় খাবার খেয়ে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় চারজনের একটি সশস্ত্র দল চাচার বাসায় এসে তাঁকে বের হতে বলে। চাচা বাসা থেকে বেরিয়ে এলে তাদের সঙ্গে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পর গ্রামের মধ্যে রাস্তায় পেছন থেকে মাথায় গুলি করে তাঁকে হত্যা করা হয়। নিহতের ছোট ভাই বড় পানছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য স্বজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তাঁর ভাই নৌকায় ভোট দেওয়ার কারণে খুন হয়েছেন। তিনি নিহতের বাড়িতে থাকা এক কাজের লোকের উদ্ধৃতি দিয়ে বলেন, সন্ত্রাসীরা ইউপিডিএফের লোকজন ছিল। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর দলের কোনো সংশ্লিষ্টতা নেই। ইউপিডিএফকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের প্রচার চালানো হচ্ছে।
বিবৃতিতে তিনি দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুস সালাম মোড়ল বলেন, গতকাল বৃহস্পতিবার নিহতের স্ত্রী পারুল বালা ত্রিপুরা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার দুুপুরে নব কুমার ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ত্রিপুরা সমাজ ব্যানারে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।