ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও রাজা দেবাশীষ রায়ের ওপর হামলার অভিযোগে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। গতকাল বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা রাঙামাটি শহরে মিছিল ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানান।গত বুধবার রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমার গাড়িবহরে সন্ত্রাসীরা হামলা চালায়।জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সভায় বক্তারা বলেন, সরকারের একটি বিশেষ মহলের ছত্রচ্ছায়ায় ইউপিডিএফ পার্বত্য চুক্তির বিরোধিতা করে যাচ্ছে। তারা নানা রকম সন্ত্রাসী কাজের মাধ্যমে চুক্তির বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে; যার জ্বলন্ত প্রমাণ বুধবার সন্তু লারমা ও রাজা দেবাশীষ রায়ের ওপর হামলা। ছাত্র পরিষদের নেতারা আজ শুক্রবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণা না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি পদ্মলোচন চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিনয় কুমরা ত্রিপুরা, ফাংতাং রান্দাল, অধিরাম চাকমা, সজীব চাকমা প্রমুখ বক্তব্য দেন।বান্দরবান প্রতিনিধি জানান, সন্তু লারমা ও রাজা দেবাশীষের ওপর হামলার প্রতিবাদে গতকাল বান্দরবানে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদ মিছিল-সমাবেশ করে। বেলা ১১টায় মধ্যমপাড়ার জনসংহতি সমিতির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।