ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জেএসএসের
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে নিরীহ লোকজনকে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করেছে পার্বত্য চুক্তির পক্ষের সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও তাদের সহযোগী সংগঠনগুলো। এসব ঘটনার প্রতিবাদে এবং ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তারা।গত শুক্রবার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম আগারপাড়ায় জেএসএসের তিন সমর্থক ও রোববার রাতে জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে হত্যা এবং বরকল উপজেলার সুবলং ইউনিয়ন থেকে জেএসএসের দুই সমর্থককে অপহরণ করা হয়। এসব ঘটনায় ইউপিডিএফকে দায়ী করে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা রাঙামাটি শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বনরুপা বাজার ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এসে শেষ হয়।সেখানে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সহসাধারণ সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপেশ চাকমা।জেএসএসের দাবির ব্যাপারে ইউপিডিএফের জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা বলেন, ‘আমাদের সংগঠনকে নিষিদ্ধ করার চক্রান্তের অংশ হিসেবে জেএসএস ও তাদের সংগঠনগুলো সব মিথ্যা অভিযোগ তুলছে।’