ইউপিডিএফের এক সদস্য গুলিবিদ্ধ, একজন নিখোঁজ
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় গতকাল বুধবার সকালে একদল দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য পিকাশ চাকমা (২৫) গুরুতর আহত এবং সুসময় চাকমা (৩৫) নিখোঁজ রয়েছেন।
আহত পিকাশ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের দায়ী করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সকালে ইউপিডিএফের ওই দুই সদস্য ইঞ্জিনচালিত বোটে সাংগঠনিক কাজে যাওয়ার সময় আটটার দিকে চেয়ারম্যানটিলা নামক স্থানে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে। এ সময় পিকাশ ও সুসময় কাপ্তাই হ্রদে ঝাঁপ দেন। পরে স্থানীয় জনসাধারণ পিকাশ চাকমাকে পিঠে ও দুই হাতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। তবে সুসময় চাকমাকে খুঁজে পাওয়া যায়নি।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সোহেল বলেন, ‘সকালে হাসপাতালে একজন গুলিবিদ্ধ লোক এসেছিলেন। তিনি কোন দলের তা বলেননি। কারা গুলি করেছে, সে বিষয়ে জানেন না বলে জানিয়েছেন। আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা আহত ও নিখোঁজ দুই ব্যক্তি তাঁদের দলের সদস্য বলে দাবি করেছেন। তিনি ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্বত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই। আমরা শুনেছি ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা জোর করে চাঁদা নিতে আসায় তাঁদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।