ইউপিডিএফের চার সদস্য অস্ত্রসহ আটক
রাঙামাটির সুবলং বাজার থেকে গত বুধবার রাতে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে সেনাবাহিনী আটক করেছে।আটক চার ব্যক্তির কাছ থেকে আটটি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, দুটি দেশীয় বন্দুক, চারটি কার্তুজ, চারটি মুঠোফোন ও ছয় হাজার ৬৫০ টাকা পাওয়া গেছে। আটক ব্যক্তিরা হলেন: সমীরণ চাকমা, দয়ারাম চাকমা, তারন চাকমা ও সুমন্ত চাকমা। ইউপিডিএফ চার সদস্যকে আটক করার ঘটনা নিশ্চিত করলেও তা ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে।গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে আটক চার ইউপিডিএফ সদস্যকে সেনাবাহিনীর রাঙামাটি সদর দপ্তরে আনা হয়। এ সময় সেনাবাহিনীর জি-২ আই মেজর রাজীব জানান, গত বুধবার রাতে সুবলং সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুলের নেতৃত্বে একটি দল একটি দেশীয় নৌযান নিয়ে ধাওয়া করে চারজনকে অস্ত্রসহ আটক করে। তবে ইউপিডিএফের রাঙামাটি জেলার তথ্য বিভাগের প্রধান সোনমণি চাকমা দাবি করেন, তাঁদের ওই চার সদস্য সুবলংয়ের একটি বাঙালি বাড়ি থেকে নিমন্ত্রণ খাওয়ার পর রাত আটটার দিকে ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় করে সুবলং বাজারের লঞ্চঘাটে আসেন। এ সময় সেখানে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন। বরকল থানার উপপরিদর্শক মো. ইদ্রিস জানান, গতকাল বিকেল চারটা পর্যন্ত আটক ব্যক্তিদের তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি।