ইউপিডিএফের দুই সদস্য অস্ত্রসহ আটক
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় গতকাল রোববার সকালে পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিখিল ত্রিপুরা (২৩) ও রতন চাকমাকে (৩৮) অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে ইউপিডিএফ দাবি করেছে, ঘাগড়া ইউনিয়নের জুনুমাছড়া থেকে জনসংহতি সমিতির সদস্যরা ওই দুজনকে অপহরণ করেছিলেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, স্থানীয় লোকজন ওই দুই ইউপিডিএফ সদস্যকে একটি বন্দুকসহ ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাড়ি থেকে আরও দুটি বন্দুক উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।ইউপিডিএফের তথ্য বিভাগের সোনামণি চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিরা তাদের দলের সদস্য বলে স্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ, বেলা ১১টার দিকে জনসংহতি সমিতির কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমার নেতৃত্বে একটি দল ঘাগড়া ইউনিয়নের জুনুমাছড়া এলাকায় গিয়ে নিখিল ত্রিপুরা ও রতন চাকমাকে অপহরণ করে। এরপর তাঁদের সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ সময় ওই দুজন একটি দোকানে চা খাচ্ছিলেন। ইউপিডিএফ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।যোগাযোগ করা হলে সুভাষ চাকমা ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘাগড়া বাজার থেকে আধা কিলোমিটার দূরে চাঁদাবাজি করার সময় জুনুমাছড়া এলাকার লোকজন ওই দুই ইউপিডিএফ সদস্যকে ধরে ফেলে। পরে তারা আমাদের সহযোগিতা চেয়ে খবর দিলে সেখানে যাই এবং জনরোষ থেকে বাঁচাতে ওই দুজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিই।’জনসংহতি সমিতির ব্যাখ্যাজনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা গতকাল জানান, শুক্রবার রাতে জুরাছড়ি উপজেলার চিত্তিমাছড়া এলাকায় নিহত নিরীহ যুবক শান্ত চাকমা ওরফে সিং জনসংহতি সমিতির কোনো পর্যায়ের সদস্য বা সমর্থক নন। তিনি একজন নিরীহ মৎস্যজীবী। শান্ত চাকমার হত্যাকাণ্ডে জনসংহতি সমিতির জড়িত থাকার ব্যাপারে ইউপিডিএফ যে অভিযোগ করেছে, তা সঠিক নয়।