ইউপিডিএফের দুই সদস্য গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে গতকাল শনিবার দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। আর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শুক্রবার একটি বিয়েবাড়িতে ডাকাতিকালে একজন নিহত ও ১৩ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ হন ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়া-ছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বড়ইতলী গ্রামে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে নতুন কুমার চাকমা (৪৫) ও প্রতুলময় চাকমা (৩২) গল্প করছিলেন। তাঁরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সক্রিয় সদস্য।
এ সময় পাঁচজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাঁদের নাম ধরে খোঁজাখুঁজি শুরু করে। তখন নতুন কুমার ও প্রতুলময় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা ধাওয়া করে তাঁদের ওপর গুলি চালায়। কিছু দূরে চেঙ্গী নদীর পাড়ে গুলি খেয়ে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তাঁদের মাথায় গুলি করে চলে যায়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আদিবাসী গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি শাখার সমন্বয়ক প্রদীপন খীসা এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতির (সন্তু লারমা) সন্ত্রাসীদের দায়ী করেন। তবে জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর দলের কারও সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন।
বেলা তিনটায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশ করে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এদিকে শুক্রবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের কাগজিখোলা গ্রামে সুলতান আহমদের বাড়িতে তাঁর ছেলে আইনজীবী মো. ইব্রাহিমের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কনে একই ইউনিয়নের হলুদিয়াশিয়া গ্রামের সৌদিপ্রবাসী মৌলভি নূরুল আমিনের মেয়ে সাদিয়া আমিন।
বরের ভাই মোহামঞ্চদ শোয়াইব বলেন, রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। বড় ভাই আহমদ ছফা (৬০) এ সময় বাধা দিলে তারা তাঁর পিঠে গুলি করে ও অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ডাকাতেরা বর-কনে ও উপস্থিত অতিথিদের কাছ থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, দুই লাখ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ জনের ডাকাত দল বিয়েবাড়িতে হানা দিয়ে প্রথমেই ১০-১২টি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে রুহুল আমিন (৫০), হোসেন আহমদ (৩৪), মোহামঞ্চদ জুবায়ের (২৫), আলী জোহার (১৬), জেহাদ (২২) নামের পাঁচজন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হন আরও পাঁচজন।
পুলিশ জানায়, গুলিবিদ্ধদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের কক্সবাজার ও লোহাগাড়ায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ডাকাতিকালে সামান্য আহত হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক ও প্রত্যক্ষদর্শী কয়েকজন অভিযোগ করেন, বিয়েবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে পুলিশ ক্যাম্প। ডাকাতেরা প্রায় দুই ঘণ্টা লুটপাট চালায়। খবর পেয়েও পুলিশ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেনি। পরে ঘটনাস্থলে এলেও ডাকাতদের ধরার চেষ্টা করেনি। কাগজিখোলা পুলিশ ক্যাম্পের অধিনায়ক আবদুল খালেক বলেন, তাঁরা বিলম্বে সংবাদ পান। ঘটনাস্থলে যাওয়ার পর তাঁদের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ডাকাতেরা নিমন্ত্রিত অতিথি সেজে বিয়েবাড়িতে অবস্থান করছিল। অনুষ্ঠানের শেষের দিকে লোকজন কমে গেলে মুঠোফোনে যোগাযোগ করে মূল ডাকাত দল হানা দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও লোকজনের উপস্থিতির কারণে গুলি চালাতে পারেনি।