ইউপিডিএফের দুই সদস্যকে অপহরণের অভিযোগ
রাঙামাটি শহরের তবলছড়ি বোটঘাট থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের বিলাইছড়ি উপজেলা শাখার দুই সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।অপহূত ব্যক্তিরা হলেন, কেরলছড়ি গ্রামের তংগিরাম চাকমার ছেলে প্রেমলাল চাকমা (২৭) ও একই গ্রামের বাসিন্দা কেরংছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছন্দলাল দেওয়ানের ছেলে দীপেন দেওয়ান (২২)। এ ঘটনার জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ চুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করেছে। ইউপিডিএফের রাঙামাটি জেলা তথ্য ও প্রচার বিভাগের সদস্য সোনামণি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহূতরা গতকাল বিলাইছড়ি উপজেলা থেকে সাংগঠনিক কাজে বরকল উপজেলার সুবলং যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে সুবলংগামী নৌযানের জন্য অপেক্ষা করার সময় তবলছড়ি বোটঘাট এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাঁদের অপহরণ করে। পরে অপহরণকারীরা বিলাইছড়ি উপজেলার কেরংছড়ি ইউনিয়ন পরিষদের একজন নারী সদস্যকে অপহূতদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার কথা বলে। তবে বিজ্ঞপ্তিতে ওই নারী সদস্যের নাম দেওয়া হয়নি। জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। তবে সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ বিভ্রান্তিকর। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার জানান, অপহরণের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। কোনো তথ্যও তাঁদের কাছে নেই।ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার প্রধান সংগঠক শান্তিদেব চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক মিঠুন চাকমা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপহূতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।