ইউপিডিএফের দুই সদস্যকে ব্রাশফায়ারে হত্যা
রাঙামাটির বেতছড়িতে আজ বৃহস্পতিবার দুজনকে ব্রাশফায়ারে হত্যা করা হয়েছে।
নিহত দুই ব্যক্তি হলেন সত্য চাকমা (৩০) ও বিশু কুমার চাকমা (৪২)। তাঁরা দুজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে প্রথম আলোকে জানিয়েছেন সংগঠনের স্থানীয় নেতা উদয় চাকমা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সত্য ও বিশু বেতছড়ির আঠার মাইল এলাকার একটি দোকানে যান। সেখানে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের খুব কাছে থেকে ব্রাশফায়ার করে চলে যায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
ইউপিডিএফের নেতা উদয় চাকমার দাবি, ‘সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
তবে জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া আমাদের কোনো সশস্ত্র সদস্যও নেই।’
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে।’