ইউপিডিএফের দুই সমর্থককে অপহরণের অভিযোগ
রাঙামাটির রাজস্থলি উপজেলার শিলছড়ি গ্রাম থেকে শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুই সমর্থককে রোববার অপহরণ করা হয়েছে। জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা তাঁদের অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঘিলাছড়ি মৌজার শিলছড়ি গ্রামের কার্বারি পিরনচান তঞ্চঙ্গ্যা (৪৫) ও ওয়াধন তঞ্চঙ্গ্যাকে (৩১) অস্ত্রের মুখে ১০-১২ জন দুষ্কৃতকারী রোববার ভোর পাঁচটায় গহিন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ নেই। ইউপিডিএফের রাজস্থলি উপজেলার সমন্বয়ক চন্দন চাকমা অভিযোগ করেন, পিরনচান তঞ্চঙ্গ্যা ও ওয়াধন তঞ্চঙ্গ্যা দুজনেই ইউপিডিএফের সমর্থক। এ কারণে জেএসএসের দুষ্কৃতকারীরা তাঁদের অপহরণ করে নিয়ে যায়। জেএসএসের রাজস্থলি উপজেলা সমন্বয়ক যোগেশ তঞ্চঙ্গ্যা বলেন, পিরনচান ও ওয়াধন তঞ্চঙ্গ্যার অপহরণের সঙ্গে জেএসএসের সম্পৃক্ততা নেই।