১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির জনসভায় লোকজনকে যেতে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ চারটি মামলা করেছে।
বুধবার রাতে পুলিশ এ চারটি মামলা করে। ইউপিডিএফ মামলাগুলোকে হয়রানিমূলক বলে দাবি করেছে। পুলিশ জানায়, বুধবার রাতে দায়ের করা ২ ও ৪ নম্বর মামলার বাদী দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম। মামলা দুটিতে ইউপিডিএফের আঞ্চলিক প্রশাসনিক পরিচালক দেবদন্ত ত্রিপুরাকে আসামি করা হয়। এ ছাড়া প্রতিটি মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। একই তারিখে দায়ের করা ৩ ও ৫ নম্বর মামলার বাদী এসআই মো. এহেতশাম। ৩ নম্বর মামলায় দেবদন্ত ত্রিপুরাসহ ১৯ জন ও ৫ নম্বর মামলায় ১১ জনকে আসামি করা হয়। পুলিশ সূত্র জানায়, মামলায় প্রধানমন্ত্রীর জনসভায় লোকজনকে যেতে বাধা, বেআইনি সমাবেশ, প্রতিরোধ, আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘ইউপিডিএফের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য এসব মামলা করা হয়েছে। আমাদের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর জনসভায় যেতে কাউকে বাধা দেয়নি। কোনো কর্মী রাস্তায় বেরও হয়নি। আর ১১ তারিখ শুধু আমাদের কর্মসূচি ছিল না। বিএনপিরও হরতাল ছিল।’
১১ নভেম্বর প্রধানমন্ত্রীর খাগড়াছড়ির জনসভার দিন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। জনসভায় যাওয়া-আসার পথে কয়েকটি গাড়িতে হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন।