ইউপিডিএফের নয় নেতা-কর্মীর মুক্তি তিনজন হাজতে
রাঙামাটির বরকল উপজেলায় গত শুক্রবার রাতে সেনাবাহিনীর হাতে আটক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১২ নেতা-কর্মীর মধ্যে নয়জনকে গতকাল শনিবার মুক্তি দেওয়া হয়েছে। বাকি তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন, ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা, সদস্য শুভ চাকমা ও সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সুবলং শাখার সমন্বয়কারী বিকল্প চাকমা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর একটি দল উপজেলার সুবলং বাজারে ইউপিডিএফের কার্যালয় ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ইউপিডিএফের ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়। সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি গুলি, আটটি মুঠোফোন, বেশ কিছু টাকা ও সংগঠনের কাগজপত্র উদ্ধার করা হয়। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গতকাল সকালে আটক ব্যক্তিদের কোতোয়ালি থানা থেকে বরকল থানায় নিয়ে আসা হয়। সেনাসদস্যদের তল্লাশির সময় তিন ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বরকল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল রাঙামাটি বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, বাকি নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।