ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়িতে শিশুদের শোভাযাত্রার মাধ্যমে তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে এই শিশু শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমাসহ গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে ছিল অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করে ইউপিডিএফ আন্দোলনের সঙ্গে যুক্ত নিহত নেতা-কর্মীদের সম্মানে ফুলের মালা দান, আলোচনা সভা, বিভিন্ন রাস্তার মোড়ে ইউপিডিএফের পতাকা ওড়ানো কর্মসূচি ছিল।মহালছড়িতেও শিশু শোভাযাত্রা: ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহালছড়ি উপজেলায় শিশু শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিলটি মহালছড়ি বাজার ঘুরে বাবুপাড়ায় গিয়ে শেষ হয়। এ উপলক্ষে ইউপিডিএফের সভাপতি প্রসিত খীসা এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের আন্দোলন-সংগ্রামের সঙ্গে দেশের সব গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।