ইউপিডিএফের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ
আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পূর্বনির্ধারিত মিছিল-সমাবেশ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা এবং ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দলটি গতকাল সোমবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় পৃথকভাবে এই কর্মসূচি দেয়।খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের ধর্মঘর এলাকার মানিকছড়ি কলেজ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করার উদ্যোগ নিলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাধা দেয়। এ ছাড়া মিছিল ও সমাবেশে আসার পথে লোকজনকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মাটিরাঙা উপজেলা সদরে গাড়িযোগে কর্মসূচিতে যোগদানের পথে পুলিশ বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় তাদের গাড়ি আটকিয়ে দেয়। মাটিরাঙা সদরে মিছিলটি ঢুকতে দেয়নি পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সহসভাপতি সবিনয় চাকমা। তবে মহালছড়ি উপজেলায় শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে। পানছড়ি উপজেলায় দুপুর দেড়টায় কলেজ গেট এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি পানছড়ি বাজারের দিকে যেতে চাইলে পুলিশ কালানাল ব্রিজে আটকা দেয়। এরপর এক সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখার আহ্বায়ক নিকোলাস চাকমা, পিসিপি পানছড়ি থানা শাখার সভাপতি চন্দ্রদেব চাকমা, সাধারণ সম্পাদক সমীরণ চাকমা ও হিল। খাগড়াছড়ি সদরে বেলা তিনটায় নারানখিয়া এলাকা থেকে একটি মিছিল বের হয়ে স্বনির্ভর বাজার পর্যন্ত এসে শেষ হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা এক বিবৃতিতে ইউপিডিএফের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।