ইউপিতে অফিস করলেন উপজেলার কর্মকর্তারা
ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনটি পরিণত হয়েছিল উপজেলা পরিষদ কার্যালয়ে। সারিবদ্ধ চেয়ার-টেবিলে বসে আছেন উপজেলার সব কর্মকর্তা। তাঁরা নাগরিকদের সমস্যার কথা শুনছেন আর সমাধানের চেষ্টা করছেন। গতকাল সোমবার এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের প্রায় সব কর্মকর্তা অফিস করেন মালিয়াট ইউপি ভবনে।
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে কালীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে ১৪ জন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ ঘণ্টায় ইউনিয়নের প্রায় সাড়ে তিন শ নারী-পুরুষকে সেবা দেন।
কালীগঞ্জের ইউএনও ছায়েদুর রহমান বলেন, মালিয়াট ইউপির চেয়ারম্যানের মাধ্যমে আগে থেকেই এলাকায় মাইকযোগে প্রচার করা হয়। সবাইকে জানানো হয়, উপজেলা পরিষদের সব সেবা এদিন পাওয়া যাবে মালিয়াট ইউপি ভবনে এলেই। ইউপি চেয়ারম্যান একরামুল হক সেভাবে পরিষদকে সাজিয়ে রেখেছিলেন।
গতকাল সকালে একে একে ইউপি ভবনে আসতে থাকেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নির্ধারিত চেয়ারে বসে শুরু করেন নিজ নিজ দাপ্তরিক কাজ। তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন। বেলা দুইটা পর্যন্ত তাঁরা সেখানে অফিস করেন। এলাকার মানুষও আসতে থাকেন।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তত্বিপুর গ্রামের বাবলুর রহমান। এসেছিলেন নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানের পরামর্শ নিতে। মেহেদী হাসান বলেন, তাঁর বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে সঠিক পরামর্শ দিয়েছেন।
মালিয়াট গ্রামের কানন বালার বয়স হয়েছে আনুমানিক ৫৬ বছর। আজও বয়স্ক ভাতা পাননি তিনি। কোথায় গিয়ে এ বিষয়ে অভিযোগ দেওয়া যায়, তা খুঁজে পাচ্ছিলেন না। বাড়ির কাছে সরকারি কর্মকর্তাদের পেয়ে তিনি অভিযোগ নিয়ে এসেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়নাল হক বললেন, কানন বালার সব কাগজপত্র চাওয়া হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
কালীগঞ্জের ইউএনও মছাদেকুর রহমান বলেন, সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। প্রতি মাসে একটি করে ইউনিয়ন পরিষদ ভবনে চলবে উপজেলা পরিষদের সব সেবা কার্যক্রম।