ইউপির ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণের নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) সভাপতি মাহবুবুর রহমান ও মহাসচিব আতাহারুল ইসলামের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে দিয়েছেন আদালত। এ দিকে, ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) নতুন করে গুলশান, উত্তরা ও লালবাগ থানার কিছু এলাকা এবং ওইসব এলাকার বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্টের পৃথক বেঞ্চ। অন্যদিকে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন-২০০৯)-এর ১৩ ধারা অনুযায়ী ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত রোববার বিইউপিএফ পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন এ এম আমিনউদ্দিন।শুনানিতে এ এম আমিনউদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের আইনের ১৩ ধারা অনুযায়ী ওয়ার্ডগুলোর জনসংখ্যার ১০ শতাংশের বেশি হেরফের না করে সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে। ইতিমধ্যে নতুন পৌরসভা গঠন করায় অনেক ইউনিয়ন পৌরসভায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। এ ছাড়া জনসংখ্যাও বেড়েছে। তাই জনসংখ্যার সুষম বণ্টনের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। ডিসিসিতে অন্তর্ভুক্তির বিষয়ে রুল: ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) নতুন অন্তর্ভুক্ত রাজধানীর উত্তরা, গুলশান ও লালবাগ থানার কিছু এলাকার বাসিন্দাদের কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ডিসিসিতে অন্তর্ভুক্ত হওয়া এসব থানার নতুন এলাকাগুলো কেন ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে, তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে পল্লবীর ওয়ার্ড কমিশনার আহসানউল্লাহ ও লালবাগের জনৈক বাসিন্দার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা সিটি করপোরেশনকে এ রুলে জবাব দিতে বলা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করে দিয়েছেন আদালত।