ইউপির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৮ শতাংশ জমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আমান আলী ও লুৎফর রহমান নামের দুই ব্যক্তি ওই জমি প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।নাজিরপুর ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের সামনে পরিষদের ২০ শতাংশ জমি আছে। এর মধ্যে ৮ শতাংশ জমিতে আমান ও লুৎফর রহমান বসতঘর নির্মাণ করে স্থায়ীভাবে বাস করছেন। নাজিরপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ করেন, তিনবার নোটিশ দেওয়ার পরেও আমান ও লুৎফর জায়গাটি ছেড়ে দেননি। উপরন্তু এক বছর ধরে তাঁরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। আমান ও লুৎফর দাবি করেন, ওই জমি তাঁরা অনেক আগেই কিনেছেন। বর্তমান ইউপির চেয়ারম্যান অন্যায়ভাবে তাঁদের উচ্ছেদের চেষ্টা করছেন। তাঁরা জমির কাগজপত্র সংগ্রহ করার কাজে ব্যস্ত আছেন।নাজিরপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপেন্দ্র নাথ সরকার জানান, নাজিরপুর মৌজার ১৪৭ নং দাগের ওই ৮ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের। সেখানে ঘর নির্মাণ করে আমান ও লুৎফর অবৈধভাবে বাস করছেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন জানান, নাজিরপুর ইউনিয়নের ওই ৮ শতাংশ জমি অবৈধ দখলে থাকার বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।