ইউপির জমিতে অবৈধ স্থাপনা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদের জমি দখল করে সেখানে অবৈধভাবে স্থাপনা তোলা হচ্ছে। গত ছয় দিন ধরে বালিয়াতলী স্টেশনসংলগ্ন ওই জমিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা ঘর তুলছেন৷ স্থানীয় ভূমি কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার ওই তিনজনকে ঘর তুলতে নিষেধ করা হয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, ছোট বালিয়াতলী মৌজার ১৪ নম্বর খতিয়ানের বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওই জমিতে একটি ঘর তুলছেন ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীরের ভাই ও কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি জিয়াউর রহমান৷ আরেকটি তুলছেন ইউপি চেয়ারম্যানের আরেক ভাই ও কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুশফিকুর রহমান। এ ছাড়া তাঁদের দেখাদেখি একটি ঘর তুলছেন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম হাওলাদার।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে ৫০ ফুট দীর্ঘ এবং ২২ ফুট প্রস্থের একটি পাকা ঘর নির্মাণের কাজ চলছে। এটি নির্মাণ করছেন জিয়াউর রহমান। ইতিমধ্যে ইটের গাঁথুনি মাটি থেকে অন্তত দুই ফুটের মতো ওপরের দিকে তোলা হয়েছে। এর ঠিক পূর্ব পাশে মুশফিকুর রহমান ১৫ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ইটের গাঁথুনি দিতে চারদিকে মাটি কাটা শেষ হয়েছে। ইট-বালু এনে পাশে স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া পাশেই ১৫ ফুট দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের টিনের একটি ঘর তোলার কাজ শেষ হয়েছে। এই ঘরটি তুলেছেন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম হাওলাদার।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল নিজে উপস্থিত থেকে ওই জমিতে মাপজোক করে সেখানে স্থাপনা তুলতে তাঁর দুই ভাই জিয়াউর রহমান ও মুশফিকুর রহমানকে নির্দেশ দিয়ে গেছেন। এ ব্যাপারে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদের ওই জমি বর্তমানে কাজে লাগছে না। তা ছাড়া ইউনিয়ন পরিষদকে জানিয়ে আমরা স্থাপনা তুলছি। প্রয়োজনে তা ভেঙে সরিয়ে নিয়ে যাব।’ আবদুস ছালাম হাওলাদার বলেন, ‘এটা তো চেয়ারম্যান সাহেব নিজে উঠাইতেছে।’
অবশ্য ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবীর বলেন, ‘বালিয়াতলী স্টেশনের সব স্থাপনাই অবৈধ। ইউনিয়ন পরিষদের ওই জমি পরিত্যক্ত রয়েছে৷ আমি কেন সেখানে ঘর তুলতে যাব। তা ছাড়া আমাকে কেউ এ বিষয়ে জানায়নি।’
মোস্তফা কামাল বলেন, ‘আমি গিয়ে মাপজোক করে দিয়ে এসেছি, এটা যদি কেউ বলে থাকে তা কোনোভাবেই সঠিক বলেনি। যদি এমনটি কেউ করেও থাকে, তাহলে উপজেলা পরিষদের পরবর্তী সভায় বিষয়টি উত্থাপন করব। আমি ইউপি চেয়ারম্যানকে খোঁজ নেওয়ার জন্য বলে দিচ্ছি।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। আমি এখনই কানুনগো-সার্ভেয়ারকে পাঠিয়ে খোঁজ নিচ্ছি। যদি কেউ অবৈধ স্থাপনা তুলে থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লালুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ওই তিন ব্যক্তিকে ঘর তুলতে নিষেধ করা হয়েছে৷