ইউপির দুই সদস্যের বিরুদ্ধে সচিবকে মারধরের অভিযোগ
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে যুবলীগের স্থানীয় দুই নেতা ও ইউপির সদস্য মারধর করে কার্যালয়ের ল্যাপটপ, বিভিন্ন প্রকল্পের নথি ও চেক রেজিস্টার ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার বেতাগী থানায় মামলা দায়ের করেছেন ইউপির সচিব। জানা গেছে, ইউপির সচিব লিটন চন্দ্র সমদ্দার গত রোববার দুপুর ১২টার দিকে পরিষদের কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় যুবলীগের ইউনিয়নের সদস্য ও ইউপির সদস্য এমাদুল হক ও শহীদুল ইসলাম সেখানে যান। তাঁরা ইউপির সচিবকে ডেকে পাশের একটি কক্ষে নিয়ে বেদম মারধর করেন। এতে তিনি চিৎকার করলে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। হামলাকারীরা সচিবের কক্ষে থাকা মাসিক সভার কার্যবিবরণী বই, বিভিন্ন প্রকল্পের নথি, ক্যাশ বই, ভিজিএফের মাস্টাররোল, চেক রেজিস্টার ও ইউপির একটি ল্যাপটপ নিয়ে চলে যান। লিটন চন্দ্র সমদ্দার অভিযোগ করেন, ‘ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন প্রকল্পে ইউপির ওই দুই সদস্য দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা চাইলে ইউপির চেয়ারম্যান তা দিতে অস্বীকার করেন। এতে তাঁরা আমার ওপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ।’বিবিচিনি ইউপির চেয়ারম্যান আনিচুর রহমান জানান, ইউপির ওই দুই সদস্য দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রকল্প থেকে অনৈতিক সুবিধা দাবি করছেন। এর জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। ইউপির সদস্য শহীদুল ইসলাম অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমাদের ইউপির দুই সদস্যকে শুরু থেকেই নানাভাবে জব্দ করার চেষ্টা চালাচ্ছেন ইউপির চেয়ারম্যান ও সচিব। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই মামলা করা হয়েছে।’বেতাগী থানার উপপরিদর্শক (এসআই ) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।