ইউপির সীমানাবিন্যাসের বিধান বাতিলের প্রস্তাব করে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) সীমানাবিন্যাসের বিধান বাতিলের প্রস্তাব করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০১০ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন।এ ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল, ২০১০ গতকাল উত্থাপিত হয়েছে। গতকাল পাস হয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক বিল, ২০১০; পরিবেশ আদালত বিল, ২০১০ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল, ২০১০।জানা যায়, ইউপি আইনে প্রতি ওয়ার্ডের জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে ওয়ার্ডের সীমানাবিন্যাসের যে বিধান রয়েছে, প্রস্তাবিত সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান বিধান অনুযায়ী ওয়ার্ড বিন্যাস করা হলে গ্রামের এলাকা ও মৌজা খণ্ডিত হয়ে যেতে পারে। এতে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে মামলা করলে নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। বিলটি কাল বুধবার পাস হতে পারে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিলটি সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন, সরকারি ও বেসরকারি স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। তবে জনস্বার্থে এ আইন শিথিলযোগ্য হবে। পাম্প, ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ মাটি বা বালু উত্তোলন করা যাবে না। আইনের অধীন বিধি দিয়ে নির্ধারিত পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু তোলা যাবে। ইজারা ব্যতীত বালুমহাল থেকে বালু ও মাটি উত্তোলন করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা এ আইন অমান্য করলে সেই ব্যক্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে বা সর্বনিম্ন ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।এ দুটি বিলই পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।তিনটি বিল পাস: গতকাল পাস হওয়া প্রবাসীকল্যাণ ব্যাংক বিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহী বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়া, প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহী করা এবং সাশ্রয়ী পন্থায় রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক আইন, ২০১০-এর বিল আনা হয়েছে। আইনে বলা হয়েছে, এই ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা।পরিবেশ আদালত বিল পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের পক্ষে উত্থাপন করেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাত করা এবং গাড়ির কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে বর্তমানে বিশেষ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন। কিন্তু পরিবেশদূষণের গুরুতর অপরাধের বিরুদ্ধে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সে জন্যই পরিবেশ আদালত আইন, ২০১০-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এই আইনের মাধ্যমে পরিবেশদূষণ-সংক্রান্ত সব অপরাধ বিশেষ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আমলে নিতে পারবেন।আইনে বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পূরণে সরকার প্রতিটি জেলায় এক বা একাধিক বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠা করতে পারবে। অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, আইনে বর্ণিত সব অপরাধের বিচারের জন্য মহাপরিচালকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারবেন। বিশেষ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পাওয়া মামলাগুলো পরিবেশ আদালতের মাধ্যমে বিচার করা হবে। কেউ বিশেষ আদালতের নির্দেশ অমান্য করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডে বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর পক্ষে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিলটিও সংসদে উত্থাপন করেন ভূমি প্রতিমন্ত্রী। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় মানুষের সক্ষমতা বাড়ানোর জন্য বিলটি আনা হয়েছে।পাস হওয়া তিনটি বিলের ওপরই স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর এবং সংশোধনীর প্রস্তাব দেন। কিন্তু তাঁর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর তিনটি বিলই কণ্ঠভোটে পাস হয়।