ইউরিয়া উৎপাদন কমছে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণে থাকা কারখানাগুলোতে সার উৎপাদন কমছে। এর মধ্যে গ্যাস-সংযোগ বন্ধ থাকায় চারটি সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
আজ সোমবার শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ অবস্থায় কৃষি খাতের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে বিসিআইসির সার কারখানাগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদীয় কমিটির বৈঠকে বিসিআইসির দেওয়া প্রতিবেদনে দেখা গেছে, বিসিআইসির নিয়ন্ত্রণে থাকা ছয়টি কারখানা থেকে ২০১৫-২০১৬ অর্থবছরে ইউরিয়া উৎপাদিত হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৪৯৮ টন। গত অর্থবছরে উৎপাদন কমে দাঁড়ায় ৯ লাখ ২২ হাজার ৭১৭ টন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত বছরের এপ্রিল থেকে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং গত বছরের ডিসেম্বর থেকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। অবশ্য ওই কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হওয়ার আগেও কারখানাগুলোর উৎপাদন নিম্নমুখী ছিল। সব মিলে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ইউরিয়া উৎপাদন হয়েছে ৭ লাখ ১৫ হাজার ৪৬৪ টন। আর আমদানি করতে হয়েছে ১২ লাখ ৬৪ হাজার টন ইউরিয়া সার।
জানতে চাইলে সংসদীয় কমিটির সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটি বলেছে, বিসিআইসির কারখানাগুলোকে গ্যাস-সংযোগ দেওয়া উচিত। একই সঙ্গে গুদামের ধারণক্ষমতা বাড়ানো এবং সার উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
বিসিআইসির প্রতিবেদন অনুযায়ী, যমুনা ফার্টিলাইজার কোম্পানি ২০১৫-২০১৬ অর্থবছরে ৪ লাখ ৫৭ হাজার ৭০২ টন ইউরিয়া সার উৎপাদন করেছিল। গত অর্থবছরে তাদের উৎপাদন কমে দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার ১৩৯ টনে। চলতি বছরের মার্চ পর্যন্ত যমুনার উৎপাদন ২ লাখ ৯০ হাজার ৮৮৫ টন।
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন অবশ্য বেড়েছে। এই কোম্পানি গত অর্থবছরে ৩ লাখ ৯৩ হাজার ৮৬৫ টন ইউরিয়া উৎপাদন করেছিল। কিন্তু তার আগের অর্থবছরে এখানে উৎপাদন ছিল ২ লাখ ২০ হাজার ৪১৬ টন। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত তাদের উৎপাদন ৩ লাখ ২২ হাজার ৬০৪ টন। আর বন্ধ হওয়ার আগ পর্যন্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন ছিল ১ লাখ ১ হাজার ৯৭৫ টন।
কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য আবদুর রাজ্জাক, আবুল কালাম মো. আহ্সানূল হক চৌধুরী এবং ফাতেমা তুজ্জহুরা বৈঠকে অংশ নেন।