ইউরিয়া-সংকটে কৃষক বিপাকে
রংপুরের পীরগাছা উপজেলায় ইউরিয়ার সংকট দেখা দিয়েছে। ডিলাররা বরাদ্দকৃত সারের জন্য টাকা জমা দিয়েও চাহিদামতো সরবরাহ না পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। এ সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে এক হাজার টাকার প্রতি বস্তা ইউরিয়া এক হাজার ১৫০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত রোববার পীরগাছা উপজেলার চৌধুরানী, পীরগাছা, ব্রাহ্মণীকুণ্ডা ও নেকমামুদ বাজারে আসা কৃষকেরা বেশি দামে সার বিক্রির এ অভিযোগ করেন। উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ‘সার কেনার জন্য রোববার চৌধুরানী বাজারের রাব্বি ট্রেডার্সের সার ডিলার নূর নবীর কাছে গিয়ে সার পাইনি। পরে বাধ্য হয়ে খুচরা বিক্রেতার কাছ থেকে এক হাজার ৪০০ টাকা দরে এক বস্তা সার কিনেছি।’ অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামের কৃষক আব্বাস আলী অভিযোগ করেন, তিনি ব্রাহ্মণীকুণ্ডা বাজারের খুচরা বিক্রেতা মৃদুল মিয়ার দোকান থেকে এক হাজার ২৫০ টাকা দরে দুই বস্তা ইউরিয়া কিনে জমিতে দিয়েছেন। তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু গ্রামের কৃষক আলমগীর কবীর জানান, দাম বেশি হওয়ায় তিনি জমিতে সার দিতে পারেননি। একই অভিযোগ করেন পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের আবদুস ছামাদ, সোহেল সরকার ও তাজরুল ইসলামসহ কয়েকজন কৃষক। চৌধুরানী বাজারের রাব্বী ট্রেডার্সের সার ডিলার নূর নবী জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দের বিপরীতে টাকা জমা দিয়েও সার পাওয়া যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন বলেন, চাহিদা অনুযায়ী ডিলাররা যমুনা সার কারখানার বরাদ্দ সার না পাওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।