ইউরোপীয় পার্লামেন্ট দেশের মানবাধিকার বিষয়ে উদ্বিগ্ন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির প্রতিনিধিদল কোনো উদ্বেগ প্রকাশ করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। খবর ইউএনবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন শাহরিয়ার আলম। ক্রিস্টিয়ান ড্যান প্রেদা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক না রাখতে প্রতিনিধিদলের সদস্যরা বিএনপির প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবেন। ইতিপূর্বে ইউরোপীয় পার্লামেন্টের এক প্রস্তাবে বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মেয়াওদন অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।
শাহরিয়ার আলম বলেন, বৈঠকে প্রতিনিধিদলকে সরকারের পক্ষ থেকে ‘বিএনপি-জামায়াতের ভয়াবহ সন্ত্রাসের’ ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। সরকার এটি যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করবে। তিনি বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একটি প্রকাশনাও তাদের দিয়েছি।’
বৈঠকে সংলাপ বিষয়ে কোনো কথা হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিধিদলও রাজনৈতিক সংলাপের কথা বলেনি।
সংকট নিয়ে কূটনীতিকদের বৈঠক: ইউএনবি জানিয়েছে, বাংলাদেশে নিয়োজিত বিদেশি কূটনীতিকেরা গতকাল ঢাকায় একটি বৈঠক করেছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট শান্তিপূর্ণ উপায়ে নিরসনে তাঁরা কীভাবে সহায়তা করতে পারেন, সে বিষয়ে পথ খুঁজে বের করতে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলোচনা করা হয় এ বৈঠকে।
ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলককের বাসভবনে বিকেলে কূটনীতিকেরা এই বৈঠক করেন বলে কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানায়। খবরে বলা হয়, এসব কূটনীতিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। রাজনৈতিক দলগুলোর নিজেদের মতপার্থক্য দূর করার লক্ষ্যে তাদের উৎসাহিত করা নিয়ে জাতিসংঘের উদ্যোগও সমর্থন করেন তাঁরা।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান, নরওয়ে, ফ্রান্স, তুরস্কের কূটনীতিকেরা ছাড়াও বাংলাদেশে ইউরোপীয় রাষ্ট্রদূত পিয়েরে মেয়াওদন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়েকটি সূত্র জানিয়েছে, কূটনীতিকেরা আরও কয়েকটি দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার ব্যাপারে মত দিয়েছেন।