ইউরোপের অবৈধদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে
নানা কারণে ইউরোপে গিয়ে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফিরিয়ে আনতে ইইউর সঙ্গে একটি কর্মপ্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। বিশেষ করে বাংলাদেশের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর দ্রুত তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা ওই কর্মপ্রক্রিয়ায় বলা থাকবে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সভাপতিত্বে ইউরোপ থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় সভায় এ নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় আইন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গতকাল বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অণুবিভাগের মহাপরিচালক খোরশেদ আলম খাস্তগীরের আলোচনা হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিয়েরে মায়াদু বলেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে কারিগরি বিষয়ে আলোচনা হয়েছে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউরোপ থেকে অবৈধ লোকজনকে ফিরিয়ে আনতে ইইউ যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে সেটা দ্রুত করার ব্যাপারে মত আছে। তবে ইইউ ৩১ জুলাইয়ের মধ্যে তা চূড়ান্ত করতে চাইলেও এ জন্য আরও সময় লাগবে। তবে তা দ্রুতই হবে।