ইউরোপের সর্ববৃহৎ সংগীত উৎসবে অংশ নিলেন ইউনূস
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোল্যান্ডে অনুষ্ঠিত ‘২০তম উডস্টক ফেস্টিভ্যালে’ অংশ নিয়েছেন।ইউরোপের সর্ববৃহৎ উন্মুক্ত সংগীত উৎসব গত ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত জার্মান সীমান্তের কাছে পোল্যান্ডের কোস্ত্রজিন শহরে অনুষ্ঠিত হয়।পাঁচ লাখের বেশি ইউরোপীয় তরুণ দর্শক উৎসব উপভোগ করেন।ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে গতকাল সোমবার ইউএনবি এ কথা জানায়।
উৎসবে তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘রাষ্ট্রব্যবস্থার গতিধারা প্রবীণদের চেয়ে তোমরা অনেক ভালো বোঝো। কারণ, তোমাদের মন এখনো বিশ্বকে বুঝতে চায়। প্রবীণেরা সহজে তাঁদের ভুলগুলো ধরতে পারেন না।বর্তমান বিশ্বব্যবস্থার অসংগতিগুলো তোমাদের ভালোভাবে অনুধাবন করে সেগুলো থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘তোমরাই রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে পারো।বর্তমান বিশ্বব্যবস্থা যাঁরা তৈরি করেছেন, তাঁদের চেয়ে তোমরা অনেক বেশি বুদ্ধিমান, উজ্জ্বল।সরকার অর্থনীতির গতিধারা ঠিক করে না। সরকার কেবল অর্থনীতিবিদদের প্রণীত পরিকল্পনা অনুসরণ করে। তোমরা অন্ধ অনুসারী হয়ো না। নেতা হও। অপরাজিত পথ ধরে এগিয়ে যাও।একে আবিষ্কার করো। তোমরা যদি এ কাজ করতে না পারো, তাহলে আর কেউ তা পারবে না।’