ইউরোপ-আমেরিকার চেয়েও জঙ্গি দমনে বাংলাদেশ বেশি সফল: তথ্যমন্ত্রী
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে দেওয়া বর্ণনা তথ্যনির্ভর নয় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর সব দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবছর তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের ঢালাও মন্তব্য প্রদান আমরা নীতিগতভাবে সমর্থন করি না। সর্বশেষ তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। কারণ, তা যথাযথ তথ্যনির্ভর নয়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখার বিষয়ে তাদের চশমাটা ভুল, দেখার চোখটাও ঝাপসা।’
ইউরোপ-আমেরিকার চেয়েও জঙ্গি দমনে বাংলাদেশ বেশি সফল বলে মন্তব্য করেন তিনি।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০১৬-এ বলা হয়, বাংলাদেশ জঙ্গি তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নাগরিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে সরকার।
এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনের কাজে কোনো সামাজিক বা নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়নি। বিচারবহির্ভূত কোনো হত্যাও সরকার বা আইন সমর্থন করে না। সন্ত্রাসীদের সঙ্গে সম্মুখ সংঘর্ষে কেউ নিহত হলে তাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা সঠিক নয়।
প্রতিবেদনে জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও আন্তর্জাতিক যোগাযোগের উল্লেখের জবাবে হাসানুল হক বলেন, ‘জঙ্গি তৎপরতা বৃদ্ধি পায়নি, বরং সরকারের শূন্য সহিষ্ণুনীতিতে জঙ্গি সন্ত্রাস কমে এসেছে। গুটিকয়েক জঙ্গি এখানেই গড়ে ওঠা এবং এখানেই অশান্তির অপপ্রয়াসে লিপ্ত। এদের সঙ্গে আন্তর্জাতিক সংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর এ পর্যন্ত যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তার প্রতিটিতেই জঙ্গিরা বিফল হয়েছে, পালাতে পারেনি, নির্মূল হয়েছে। ইউরোপ-আমেরিকার চেয়ে জঙ্গি দমনে বাংলাদেশ বেশি সফল।’
তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ছাড়া কখনই ইন্টারনেটের কোনো সাইট সাময়িক বন্ধ ছিল না। এনজিও পরিচালনার ক্ষেত্রেও নতুন কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি।